সন্ত্রাসীদের হাতে নিহত ব্যবসায়ীর লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় গতকাল শনিবার বিকালে বিক্ষোভের ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী বেলাল (৩৫)।
জানা যায়, ময়নাতদন্তের পর শনিবার বিকালে নিহতের লাশ এলাকায় পৌঁছালে কয়েকশ’ উত্তেজিত নারী-পুরুষ টায়ার জ্বালিয়ে ও রাস্তায় এলোপাথাড়ি গাড়ি রেখে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা এসময় রাস্তার পাশে একটি পুলিশ বক্সও ভাঙচুর করে। এ ঘটনায় বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রাস্তার উভয় দিকে যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী স্থানীয় ব্যবসায়ী মো. বেলালকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত বলে জানান। নিহত বেলাল উত্তর কাট্টলী ওয়ার্ডের কালিরহাট এলাকার সাহাব মিয়ার ছেলে।
জানা গেছে, বেলালের সাথে কর্নেল হাট এলাকার পাকা রাস্তার মাথায় একটি জমির মালিকানা নিয়ে স্থানীয় রনি নামক এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই সন্ত্রাসীদের হাতে খুন হন বেলাল।
