চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ১৯ নেতা ৪ আসনে প্রার্থী হতে চান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর চার আসন থেকে সংসদ সদস্যপদে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা ব্যক্ত করলেন ১৯ জন বিভিন্ন পর্যায়ের নেতা। এই নেতারা গতকাল শনিবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে মহানগরী আওয়ামী লীগ আয়োজিত সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তাদের প্রার্থী হওয়ার ইচ্ছা ও যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। মতবিনিময়ে ৩ জন আওয়ামী লীগ নেতা ও ১ জন জাসদ নেতাসহ বিগত জাতীয় নির্বাচনে নগরীর চার আসনে নির্বাচিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের চারজন নির্বাচিত এমপি’র কেউই উপস্থিত ছিলেন না। এরা হলেন- কোতোয়ালী-বাকলিয়া চট্টগ্রাম-৮ আসনের নূরুল ইসলাম বিএসসি এমপি, চট্টগ্রাম-৯ ডবলমুরিং-হালিশহর আসনের এমপি ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-৭ বোয়ালখালী-চান্দগাঁও আসনের জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল এমপি এবং চট্টগ্রাম-১০ পতেঙ্গা-বন্দর আসনের এমএ লতিফ এমপি। এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য যাকেই মনোনয়ন দেন, চট্টগ্রামের সর্বস্তরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাদের বিজয় ছিনিয়ে আনতে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়বে। তিনি এই লক্ষ্যে নগরীর ৬৫ ওয়ার্ডেও ৬০০ নেতা-কর্মীকে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে আসন্ন নির্বাচনে প্রচারণার লক্ষ্যে স্ব-স্ব বাড়িকে নির্বাচনী প্রচারণার কার্যালয়ে পরিণত করে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে কোনো প্রার্থীর পক্ষ নেবেন না। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমি তার এবং তাদের জন্য কাজ করে যাবো। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেমউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মনোনীত সব প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য চট্টগ্রামবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানে নগর যুবলীগ নেতা মশিউর রহমান চট্টগ্রাম-৯, ১০ আসন থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর মনোনয়নের জন্য তার নাম উপস্থাপন করেন। আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছা পোষণ করে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম-৭ আসনে মোসলেম উদ্দিন আহমেদ, রেজাউল করিম এবং আবু তাহের। চট্টগ্রাম-৮ আসনে রেজাউল করিম চৌধুরী, এম জহিরুল আলম দোভাষ, আ.জ.ম নাসির উদ্দীন, ইব্রাহিম হোসেন বাবুল, সৈয়দ ছগির আহমেদ। চট্টগ্রাম-৯ আসনে বেলায়েত হোসেন, সাইফুদ্দিন খালেদ বাহার, সৈয়দ মাহমুদুল হক এবং বদিউল আলম। চট্টগ্রাম-১০ আসনে খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, নুরুল আলম, মোহাম্মদ আসলাম, ইকবাল আলী, সাইফুদ্দিন খালেদ বাহার এবং রেজাউল করিম।