ডিআইজির মেয়ের কান ফোঁড়ানো রাজকীয় অনুষ্ঠান তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২০
ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামানের শিশু কন্যার জন্মদিন ও কান ফোঁড়ানো উপলক্ষে রাজকীয় অনুষ্ঠানের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার এঘটনায় খোঁজ-খবর নিতে শুরু করেছে প্রশাসন। পুলিশ হেডকোয়াটার্স থেকে জানানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনুষ্ঠানের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ডিআইজি কন্যা মারিয়ার রাজকীয় জন্মদিন ও কান ফোঁড়ানোর ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিআইজির ঘটনাটি অভিহিত করা হবে বলে একজন শীর্ষ কর্মকর্তা জানান। ঢাকা রেঞ্জের ১৬টি জেলার অধিকাংশ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং ৩৫টি থানার ওসি ডিআইজির কন্যার কান ফোঁড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, এক থানার ওসি খাবারের টাকা দেয়ার দায়িত্ব পান। অনুষ্ঠানের জন্য ভাড়া নেয়া কালিয়াকৈর রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট বিনোদন কেন্দ্রটির যাবতীয় ভাড়া দেয়ার দায়িত্ব পান অপর এক থানার ওসি। অনুষ্ঠানের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনুষ্ঠানে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। অতিথিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী, ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন। ১৫০০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন। এ অনুষ্ঠানের জন্য শতাধিক গাড়ি রিকুইজিশন করা হয়েছিল। থানার ওসিরা শীর্ষ কর্মকর্তার কন্যার অনুষ্ঠানে বেশি উপহার সামগ্রী দেয়ার প্রতিযোগিতায় নেমে কয়েক দিন আগে থেকেই ব্যাপক চাঁদাবাজি শুরু করে। তিন শীর্ষ কর্মকর্তা জানান, থানার ওসিরা যখন শীর্ষ পুলিশ কর্মকর্তার মেয়ের অনুষ্ঠানে উপহার দিতে উেকাচ বাণিজ্য করেন, তখন পুলিশের চেইন অব কমান্ডের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ১ লাখ ৩৪ হাজার পুলিশ সদস্যের প্রতিষ্ঠানটির সুনাম রক্ষার্থে এ ধরনের শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। অতিলোভী ও বিলাসী পুলিশ কর্মকর্তার মেয়ের জন্মদিন ও কান ফোঁড়ানোর মত অনেক চাহিদা মেটাতে গিয়ে থানার ওসি ও এসআইদের ৯৫ ভাগকেই ঘুষখোর হিসাবে পরিচিতি পেতে হয়েছে। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, ডিআইজি মাহফুজের ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে। কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতাঃ ঢাকা বিভাগের ডিআইজি এস.এম মাহফুজুল হক নূরুজ্জামান এর কন্যা মারিয়ার শুভ জন্ম দিন ও কান ফোঁড়ানো উপলক্ষে শুক্রবার দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট নামে একটি বিনোদন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের ১৭টি জেলার ১৭ জন পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসিসহ কয়েক শত লোক বিভিন্ন নামি দামি উপহার সামগ্রী নিয়ে ওই অনুষ্ঠানে যোগদান করেন। মোঃ রফিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক মোবাইল ফোন দিয়ে ওই অনুষ্ঠানের দুইটি ছবি তোলেন। এসময় উপস্থিত কালিয়াকৈর থানার ওসি মোঃ ওমর ফারুক ছবি তোলার অপরাধে ওই যুবকের কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। অবশেষে অনেক দেন দরবারের পর ছবি দুইটি মুছে দেয়ার পর মোবাইল ফোন ফেরত দেয়া হয়। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এ.এস.আই মোঃ নজরুল ইসলাম জানান, থানায় কোন সংবাদ নাই আমি ছাড়া সবাই ডিআইজির মেয়ের কান ফোঁড়ানো অনুষ্ঠানে ব্যস্ত।