মিঠাপুকুরে সিলগালা করা ভিজিএফর ১৪ মে. টন চাল নিলামে বিক্রি করা হয়েছে। প্রকাশ্য নিলামে এসব চাল সর্বোচ্চ দরদাতা সৈয়দ আলী নামে এক ব্যবসায়ী ২ লাখ ৬২ হাজার টাকায় কিনে নেন। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নে ২০১২ সালে ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুঃস্থদের জন্য সরকার এসব চাল বরাদ্দ দেয়। ইউপি চেয়ারম্যান আবদুস সালাম নওশা গুদাম থেকে চাল উত্তোলন করে বাজারে বিক্রি করে দেন। পরে তিনি বাজার থেকে নিম্নমানের চাল কিনে কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের গুদামে মজুদ করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এসব চাল সিলগালা করে দেন। উপজেলা ত্রাণ কর্মকর্তা মোশফিকুর রহমান সিলগালা চাল প্রকাশ্য নিলামে বিক্রির জন্য বুধবার তারিখ নির্ধারণ করেন। নিলামে ১০ জন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা সৈয়দ আলী নামে এক ব্যবসায়ী এসব চাল কিনে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. হারুন-অর রশীদ বলেন, চাল নিয়ে প্রতারণা করায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ জন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন মামলাগুলো তদন্ত করছে বলেও জানান তিনি।
