চতুর্থবারে এসিডে ঝলসে গেল নববধূ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
বিয়ে করেও শেষ রক্ষা হলো না। প্রত্যাখ্যাত প্রেমিক চতুর্থবারে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে খোকসার নববধূ কাকলীকে। গত শুক্রবার তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উপজেলার বড়ইচারা গ্রামে এসিডে কাকলীর মুখের বাম অংশ, ডান হাত ও তার স্বামীর মুখের বাম অংশ এবং শরীরের বেশ কয়েকটি স্থান ঝলসে যায়। কাকলীর বাবা কামরুল এ বিষয়ে মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কামরুল বলেন, প্রতিবেশী হাবিল শেখের ছেলে হাফিজ তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ব্যর্থ হয়ে সে এর আগে চলতি মাসের গত ৩, ৫ ও ৬ তারিখে তার নিজের বাড়ি উপজেলার নিশ্চিন্ত বাড়িয়ায় মেয়েকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। ঐ সময় একবার মেয়ের দাদী হালিমা খাতুন আহত হয়। অন্যবার লক্ষ্যভ্রষ্ট হয়ে বিছানা পুড়ে যায়। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর পাশের গ্রামে মেয়ের শশুড়বাড়ি থেকে দুর্বৃত্তদের ছোড়া এসিডে মেয়ে ও জামাই দু’জনেই আহত হয়েছে। ব্র্যাকের মানবাধিকার আইন সহায়তা কর্মী মুক্তি শর্মা বলেন, আগে একই মেয়ের উপর ৩ দফা এসিড হামলা হয় কিন্তু পুলিশ ব্যবস্থা না নেয়ায় পরিবারটি ক্ষতিগ্রস্ত হল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।