স্টিফেন নাইস্মিথের প্রথমার্ধের গোলে গত রবিবার রাতে এভারটনের কাছে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ নিতে বাধ্য হয়েছেন চেলসি ম্যানেজার হোসে মরিনহো। প্রাপ্ত সুযোগগুলোর সদ্ব্যবহার করতে না পারাকেই এই হারের কারণ হিসেবে মনে করছেন তিনি। তবে চেলসির হারের দিনে প্রত্যাশিত জয় পেয়েছে অন্য দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। অন্যদিকে, স্টোক সিটির সাথে গোলশূন্য ড্র করে আবারো পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি।
এভারটনের গুডসেন পার্কে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে কোন পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে বাধ্য হওয়া হোসে মরিনহো খেলোয়াড়দের উপর স্বভাবতই ছিলেন দারুণ নাখোশ। এ মৌসুমেই দ্বিতীয় দফায় চেলসির দায়িত্ব নেয়া এই পর্তুগীজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনি মাঠে যত সুযোগই সৃষ্টি করেন না কেন, গোল করতে না পারলে সেগুলো অর্থহীন। এর চেয়ে সহজ ব্যাখ্যা আমার কাছে নেই। আপনাকে যে কোন উপায়ে বল জালে প্রবেশ করাতে হবে। গোল ছাড়া শৈল্পিক ফুটবলের কোন মূল্য নেই। আসলে আমাদের মধ্যে ঐ খুনে মানসিকতাটাই ছিল না।’
এ ম্যাচের মধ্য দিয়েই চেলসির জার্সি গায়ে অভিষেক হয়েছে ক্যামেরুরিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতোর। এই গ্রীষ্মেই স্ট্যামফোর্ড ব্রিজে আসা আরেক ফরোয়ার্ড আন্দ্রে স্কুরেলের সঙ্গে হারের দায়িত্ব কিছুটা হলেও কাঁধে নিতে হবে ইতোকেও। গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের পর দ্বিতীয় দফায় মরিনহোর সাথে জুটি বাঁধা এই সাবেক আনঝি মাখাচকালা তারকা। স্ট্রাইকারদের প্রতি ক্ষোভটাও উগড়ে দিয়েছেন মরিনহো, ‘প্রথমার্ধে স্কুরেল ইতোকে যে বলটি পাস করেছিল তাতে মোটেই গতি ছিল না। যদি থাকতো তাহলে ইতো খোলা পোস্টেই গোল দিতে পারতো। এটা আসলে খেলোয়াড়দের দক্ষতার প্রশ্ন নয়। এটা আসলে জেতার মানসিকতার অভাব।’
অন্যদিকে ডেভিড ময়েসের উত্তরসূরী হিসেবে লিগে এটাই ছিল এভারটন কোচ রবার্তো মার্টিনেজের প্রথম জয়।
এদিকে, দলের সবচেয়ে বড় দুই তারকা রবিন ফন পার্সি এবং ওয়েইন রুনির গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে একবারের জন্য এই মাঠে জিততে না পারা ডেভিড ময়েসের জন্য ওল্ড ট্রাফোর্ডে এটিই ছিল প্রথম জয়।
নিজেদের সর্বশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামা ক্রিস্টাল প্যালেস এদিন দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের সামনে। ফলে ম্যানইউকে হারানোর স্বপ্ন এখন পর্যন্ত স্বপ্ন হয়েই রইলো তাদের জন্য।
অন্যদিকে, চার কোটি ৩০ লাখ পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে মাত্রই আর্সেনালে যোগ দেয়া মেসুত ওজিলের দুর্দান্ত অভিষেক পারফরম্যান্সে গানার্সরা ৩-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। যদিও দুই গোল করে মাঠে আর্সেনালের জয়ের মূল নায়ক হিসেবে উঠে আসেন অ্যারন র্যামসে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির বিরুদ্ধে এই জয়ের ফলে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। গোল না পেলেও সমর্থকদের কাছে ‘কিং অফ অ্যাসিস্ট’ নামে পরিচিত ওজিলের পারফরম্যান্স পুরো ম্যাচেই ছিল দুর্দান্ত। ম্যাচ শেষে নতুন শিষ্যকে প্রশংসার বৃষ্টিতে স্নাত করে আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘বৃহস্পতিবার রাতেও সে অসুস্থ ছিল। আজ (রবিবার) সকালেই মাত্র তাকে আমি খেলানোর সিদ্ধান্ত নেই। দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্স কিছুটা খারাপ থাকলেও প্রথমার্ধে সে ছিল দুর্দান্ত। আমার দলের পারফরম্যান্সও ছিল তার মতোই।’
আর হোয়াইট হার্ট লেনে নরউইচ সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনালের সঙ্গী হয়েছে টটেনহ্যাম হটস্পারস।
