চোর পালালে বুদ্ধি বাড়ে!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩২
ইংলিশ প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডের কোচ পাওলো ডি ক্যানিওর অবস্থাটা এখন এই বাংলা প্রবাদের মতোই। আর্সেনালের বিরুদ্ধে গত রবিবারের লিগ ম্যাচে অনেকটা সেধেই লাল কার্ড দেখেছেন এ ইতালিয়ান! আর এ ঘটনার পর ক্যানিওর অনুভূতি হচ্ছে, রেফারিকে লাল কার্ড দেখাতে আমন্ত্রণ জানানোটা মোটেই উচিত হয়নি তার। ম্যাচে এগিয়ে থাকা আর্সেনাল অতিরিক্ত সময় নষ্ট করছে দাবি করে ক্যানিও তর্কে জড়িয়ে পড়েন রেফারি মার্টিন অ্যাটকিনশনের সঙ্গে। এর কিছুক্ষণ পরেই দেখা গেল লাল কার্ড দেখিয়ে অ্যাটকিনশন ক্যানিওকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। মাঝে কি হলো সেটা শোনা যাক ক্যানিওর মুখ থেকেই, ‘সে আমাকে বললো তুমি এমন করতে থাকলে আমি তোমাকে স্ট্যান্ডে পাঠাতে বাধ্য হব। আমি বললাম, তুমি যদি তোমার কাজটা নিখুঁতভাবে করতে চাও তো তোমার তাই করা উচিত! সে ব্যাপারটা সত্যি ধরে নিল এবং আমাকে লাল কার্ড দেখাল!’ ‘ভবিষ্যতে আমি আর কখনোই রেফারিকে লাল কার্ড দেখাতে উস্কে দেব না কারণ তারা ব্যাপারটাকে সত্যি ধরে নেয়’, ক্যানিওর স্বীকারোক্তি।