গতকাল রবিবার রংপুর জিলা স্কুল মাঠে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের জনসভা শুরুর কিছুক্ষণের মধ্যেই নামে প্রবল বৃষ্টি। তবে এতে জনসভায় আগত নেতাকর্মীদের উত্সাহে মোটেই ভাটা পড়েনি।
প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঞ্চে আসেন বিকেল ৪টার দিকে। আর বিকেল সাড়ে ৪টায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। চলে জনসভা শেষ হওয়া পর্যন্ত। মঞ্চের সামনে অবস্থান নেওয়া রংপুর জেলা ছাত্রদলের প্রায় ১০ হাজার নেতাকর্মী ভাদ্রের শেষদিনের প্রবল বর্ষণ উপেক্ষা করে নেত্রীর প্রায় ৪৪ মিনিটের বক্তব্য শোনেন। ছাত্রদলের পিছনে অবস্থান নেয় যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ফলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মাঠে এসে সুবিধা করতে পারেনি। তাদেরকে বিএনপি’র দেখিয়ে দেওয়া মঞ্চের বাম পার্শ্বের নির্দিষ্ট জায়গায় থাকতে হয়। তবে তারা মানবতা বিরোধী অপরাধের দায়ে দন্ডিত জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এটিএম আজহারুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে জনসভাস্থলে অভিনব কায়দায় বেলুন উড়ায়। এতে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
