জামালপুরে আকস্মিক ঝড়ে পাঁচ’শ ঘরবাড়ী বিধ্বস্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
জেলার ইসলামপুরে গত শনিবার প্রবল বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঝড়ে ইসলামপুর উপজেলার সাপধরী, চিনাডুলি, নোয়ারপাড়া, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নসমূহের প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে।ঝড়ের তান্ডবে যমুনার তীরে রাখা ১৪টি নৌকা স্রোতের টানে হারিয়ে গেছে। এব্যাপারে চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ঝড়ে তার ইউনিয়নের গিলাবাড়ী, শিংভাঙ্গা, বামনা ও বলিয়াদহ গ্রামের প্রায় দু’শ কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল জানান, তার ইউনিয়নের কমপক্ষে ৭০টি কাঁচা ঘর ঝড়ে বিধবস্ত এবং উলিয়া নৌঘাটে রাখা ১০টি স্যালো নৌকা যমুনার স্রোতের টানে হারিয়ে গেছে।সাপধরী ইউপি চেয়ারম্যান সুরুজ মন্ডল জানিয়েছেন, তার ইউনিয়নের ৫০টি কাঁচা ঘর পড়ে গেছে এবং ৪টি নৌকা ঝড়ের তান্ডবে যমুনায় স্রোতের টানে হারিয়ে গেছে। পাথর্শী ইউপি সদস্য আব্দুল হাই জানিয়েছেন, তাদের ইউনিয়নের কমপক্ষে ৮০টি কাঁচা ঘরসহ অসংখ্য গাছপালা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।