অসমাপ্ত বিপ্লব শেষ করতে নৌকায় ভোট দিন :জয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার যে বিপ্লব ১৯৭১ সালে শুরু হয়েছিল সেই বিপ্লব শেষ করার জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন। আরও বললেন, বিপ্লবের অর্ধেকটা হয়েছে। বাকি অর্ধেক করতে আওয়ামী লীগে ভোট চাই। নৌকা প্রতীকে ভোট চাই। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়া হবে। দারিদ্র্য মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ গড়া হবে। আর তাই নেতা-কর্মীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল রবিবার টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার মাঠে সজীব ওয়াজেদ জয় প্রথম প্রচারণা শুরু করেন। এরপর গাজীপুর চান্দিনা উচ্চ বিদ্যালয় মাঠে, মুক্তাগাছার আর কে উচ্চ মডেল বিদ্যালয় মাঠে পথসভা এবং ময়মনসিংহ জিমনেসিয়ামে কর্মী সভায় তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় এর আনুষ্ঠানিক প্রথম নির্বাচনী এই পথ চলায় পথে পথে ছিল মানুষের ঢল। চোখে পড়ার মত ছিল তরুণদের উপস্থিতি। মুখে ছিল জয় বাংলা শ্লোগান আর জয়কে শুভেচ্ছা, অভিনন্দন। সাদা পায়জামা-পাঞ্জাবির উপরে কালো মুজিব কোট পরে হাসিমাখা মুখে তিনি হাজির হন সাধারণ মানুষের সামনে। তাকে দেখেই প্রথমে করতালি দিয়ে উঠেন সকলে। তিনিও হাত নেড়ে অন্যদের শুভেচ্ছা জানান। পথসভা ও কর্মী সভায় জয় বলেন, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামে তখন তাকে কেউ হারাতে পারে না। আমরা স্বাধীনতার শক্তি। স্বাধীনতার পর ১৯৭৫ সালে সেই শক্তিকে থামিয়ে দেয়া হয়েছিল। নতুন করে পথ চলা শুরু হয়েছে। সেই চলায় আর থামা যাবে না। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব ভুলে আওয়ামী লীগের জন্য কাজ করেন। যাতে সোনার বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ গড়তে পারি। বিএনপি-জামায়াত ফের ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যাবে। কালো দেশ হবে। যদি বিএপি-জামায়াত ফের ক্ষমতায় আসে তবে সন্ত্রাসে ভরে যাবে। সজীব ওয়াজেদ জয় বলেন, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ যা ওয়াদা করেছিল তা পূরণ করেছে। ওয়াদা করেছিল বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর। বিদ্যুত্ উত্পাদন বেড়েছে। বিএনপি ক্ষমতায় থেকে এক মেগাওয়াট বিদ্যুত্ও যোগ করতে পারেনি। সেসময় বিদ্যুত্ উত্পাদন হতো ৩ হাজার ৫০০ মেগাওয়াট । আমরা ক্ষমতায় এসে ৯ হাজার মেগাওয়াটে বিদ্যুত্ উত্পাদন উন্নীত করেছি। মানুষের বার্ষিক আয় ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৮০ হাজার টাকা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই আয় আরো বেড়ে দ্বিগুণ হবে। টঙ্গী পথসভায় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, চান্দনা উচ্চ বিদ্যালয়ে আ ক ম মোজাম্মেল হক, মুক্তাগাছার পথসভায় কে এম খালিদ এবং ময়মনসিংহে আলহাজ্ব মতিউর রহমান সভাপতিত্ব করেন।