চলতি বছরই বাংলাদেশ থেকে বিদেশে ধানের বীজ রপ্তানি শুরু হচ্ছে। ৫৩০ মেট্রিক টন বীজ রপ্তানি করা হবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে। গতকাল রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সংসদকে এ তথ্য জানিয়েছেন।
অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি জানান, এর আগে পরীক্ষামূলকভাবে ২০১১-২০১২ অর্থবছরে চার দশমিক নয় মেট্রিক টন ব্রি-১৬ জাতের ধান বীজ মরিশাসে রফতানি করা হয়েছিল। শাহিদা তারেখ দীপ্তির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময় লবণাক্ত ও বন্যার পানি সহিষ্ণু জাতসহ ১২টি উচ্চফলনশীল এবং দুইটি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। চয়ন ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে কৃষি ক্ষেত্রে ৩২ হাজার ১৫০ কোটি ৮৬ লাখ টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। অপরদিকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভর্তুকি দেয়া হয়েছিল মাত্র দুই হাজার ৪১২ কোটি ৩৯ লাখ টাকা।
