সন্তান মানুষ করতে অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন। মনোবিজ্ঞানীরাও নানা নিয়ম বাতলে দেন। কিন্তু তারপরও কাজ হয় না। তবে চীনের এক মা তার মেয়েকে মানুষ করতে অভিনব কৌশল গ্রহণ করেছেন। আসল মা হয়েও নিজেকে নকল মা বলে পরিচয় দিয়েছেন!
শেন নামের এই মা যখন দেখলেন তার মেয়ে চেং চেং নষ্ট হয়ে যাচ্ছে, তখন তিনি মেয়েকে বললেন আমি তোমাকে জন্ম দিইনি। তোমাকে লালন-পালন করাই আমার দায়িত্ব। তোমার মা অনেক আগেই মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর আমি তোমাকে দত্তক নিই। আর সেই থেকে তোমাকে লালন-পালন করছি। বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া শেষ হলেই আমার দায়িত্ব শেষ। এরপর তুমি আর আমার কাছ থেকে কিছু নেয়ার চেষ্টা করো না। তিনি এমনভাবে বলেছিলেন যে, চেং চেং বুঝতেই পারেননি যে এটি নির্জলা মিথ্যা। এইভাবে শেন তার মেয়েকে ১৩ বছর ধরে মিথ্যা কথা বলছেন। এরপর চেং চেং পড়ালেখায় মনোযোগ দেন এবং পরীক্ষার ফলাফলেও উন্নতি করেন। তিনি সফটওয়ার কোম্পানিতে চাকরিও পান। পরে শেন তার মেয়েকে সত্যি কথা বলেন। কিন্তু তখনই গোল বাঁধে। এবার চেং চেং মনে করতে শুরু করেন তার মা মিথ্যা বলছেন! -মিরর নিউজ
