কচুয়া উপজেলার খাজুরিয়া-লক্ষ্মীপুর গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ীদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহতরা হচ্ছেন- খাজুরিয়া-লক্ষ্মীপুর গ্রামের সাবেক মেম্বার মফিজুল ইসলাম (৬০), শারাফত উল্লাহর পুত্র শরিফুল ইসলাম (২৪), রুহুল আমিনের পুত্র শাকিল (২০), মান্নানের পুত্র মিরাজ (১৯), মফিজুল ইসলামের পুত্র ইমান হোসেন (২৮) ও মুক্তিযোদ্ধা অলি উর রহমানের পুত্র সিয়াম (২০)। সিয়াম ব্যতীত অপর আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ইমান হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: এবারও ইউরোপ যাবে সাতক্ষীরার আম
মামলার অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল তিনজন মাদকসেবীকে পুলিশ গ্রেফতার করে। মাদক নির্মূল অভিযানে আহতরা পুলিশকে সহায়তা করেছিলেন। এর জেরে গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মাদক ব্যবসায়ী খাজুরিয়া-লক্ষ্মীপুর গ্রামের সোহাগ , তুহিন ও শাহজাহানের নেতৃত্বে ১০/১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/অনি
