দাঙ্গা কবলিত মুজাফফরনগরে মহমোহন, সোনিয়া ও রাহুল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
ভারতের উত্তর প্রদেশের দাঙ্গাকবলিত জেলা মুজাফফরনগর সফর করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী। কয়েকশ’ গ্রামবাসী অশ্রুসজল চোখে তাদের স্বাগত জানায়। উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল সফরের অংশ হিসেবে সোমবার মুজাফফরনগরে যান কংগ্রেস শীর্ষ নেতারা। এ সময় সোনিয়া তার নিরাপত্তায় থাকা ব্যারিকেড অতিক্রম করে নারীদের সঙ্গে কথা বলেন বলে এনডিটিভি জানিয়েছে। মাত্র একদিন আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ওই এলাকা পরিদর্শনের সময় জনগণ তার সফরের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করে। মূলত ওই অঞ্চলের দাঙ্গা প্রতিরোধে তার সরকারের ব্যর্থতার কারণে তাকে জনগণের প্রতিরোধ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। দাঙ্গায় মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে হিন্দুদের এবং হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে মুসলমানদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। দাঙ্গা থেকে বাঁচতে অন্তত চল্লিশ হাজার মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক দশকের মধ্যে এবারই প্রথম সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তর প্রদেশের ওই অঞ্চলে দাঙ্গার সূত্রপাত হয় আগস্টের শেষ দিকে। এদিকে জরুরি অবস্থা জারি করার পরও রাজনৈতিক নেতারা সেখানে মিছিলে সমর্থন জানায় এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন বক্তৃতাও দেয়। প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা সেখানে জনসভা নিষিদ্ধ করার পরও নিজেরাই বিভিন্ন মিছিলে অংশ নেন, যা এই ধারণাকে উস্কে দেয় যে, সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকানোর ক্ষমতা সরকারের সামান্যই।