ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদার। এই দুই গুণী শিল্পী বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় রবিবার তারা নিউইয়র্কে আয়োজিত কনসার্টে আনন্দের জোয়ারে ভাসালেন প্রবাসী বাংলাদেশিদের।
দীর্ঘদিন পর প্রবাসে বাংলাদেশিদের জন্য এমনই এক বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল এনটিভি ইউএসএ। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ায় এনটিভি স্টুডিও নামে পরিচিত সাউন্ডভিউ ব্রডকাস্টিং করপোরেশন মিলনায়তনে আয়োজিত এই লাইভ কনসার্টে ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের সঙ্গে বাড়তি পাওয়া ছিল নাট্যাভিনেত্রী চাঁদনী।
সম্প্রতি অনুষ্ঠিত ফোবানা সম্মেলনসহ আটটি বড় কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই জুটির সঙ্গে আছেন দেশের স্বনামধন্য তিন মিউজিশিয়ান ড্রামার এহসান এলাহী ফান্টি, কি বোর্ডিস্ট সোহেল আজিজ এবং বেজ গিটারিস্ট তানিম। ২৫ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা।
