বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আন্তর্জাতিক ১৭টি রুটে চলাচল করে। এর মধ্যে ছয়টি রুট লাভজনক হলেও ১১টি রুটে লোকসান দিচ্ছে। আগামী অর্থ বছর থেকে বিমান লাভের মুখ দেখবে। রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে ফারুক খান সংসদকে এ তথ্য জানান।
মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থ বছরের অপারেটিং আয় ও ব্যয় অনুযায়ী বিমানের ১৭টি রুটের মধ্যে ছয়টি লাভজনক রুট হচ্ছে মাসকাট, আবুধাবী, জেদ্দা, দাম্মাম/ রিয়াদ, কুয়েত ও কুয়ালালামপুর। অলাভজনক রুট হচ্ছে লন্ডন, রোম, দোহা, দুবাই, ব্যাংকক, দিল্লী, কোলকাতা, হংকং, কাঠমুন্ডু, সিঙ্গাপুর ও করাচী।
