চলতি অর্থবছরে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ফেরি ও অন্যান্য নৌ-রুটের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণে ২৫৪ লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। রবিবার জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে কমিটির সদস্যরা অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ফেরি ও অন্য নৌ-রুটের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। কমিটি নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণের ব্যাপারে নদীগুলো ড্রেজিংয়ের সুপারিশ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি ২০১৩-১৪ অর্থ বছরে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ফেরি ও নৌ-রুটসমূহের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণকল্পে প্রায় ২৫৪ দশমিক ৭৫ লাখ ঘনমিটার ড্রেজিং-এর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ-পথের নাব্যতা রক্ষার্থে দু’টি সাকশন ড্রেজার, দু’টি ক্রু-হাউজবোট এবং একটি টাগকোটসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, সড়ক ও রেলপথের ওপর চাপ কমানোসহ পণ্যের পরিবহন ব্যয় হ্রাসের লক্ষ্যে বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়েছে। দ্রুতই এটি উদ্বোধন করা হবে। এছাড়া ‘বিআইডব্লিউটিএ’র সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের নীতিমালার বিষয়েও আলোচনা করা হয়। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে শহর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ব্যয় ও আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী বৈঠকে একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করার সুপারিশ করা হয়। নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মো. মাজহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী এবং নসরুল হামিদ বৈঠকে অংশগ্রহণ করেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
