আগামী বাংলাদেশের জন্য আলোকিত মানুষ চাই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি অধিক মনোযোগী হবার আহ্বান জানিয়ে বলেন, আজকে যারা লেখাপড়া করছো তাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। উচ্ছৃঙ্খল ছাত্র রাজনীতিতে নিজেদেরকে বিলিয়ে দিলে চলবে না। দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। আমরা আগামী বাংলাদেশের জন্য আলোকিত মানুষ চাই। যে মানুষ সবাইকে আলোর পথ দেখাবে। গত রবিবার জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের পক্ষ থেকে তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। কলেজের প্রাক্তন ছাত্র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বলেন, এই প্রতিষ্ঠান থেকেই রাজনীতিতে আমার পথচলা শুরু হয়। সহপাঠিরা আমাকে ভালবেসে ছাত্র সংসদের জিএস এবং ভিপি নির্বাচিত করে সেবা করার সুযোগ করে দিয়েছিল। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।