বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে গতকাল সোমবার মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ দু’জন নিহত ও আরো একজন আহত হয়েছে। আহত কাশেমকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মোটর সাইকেল চালক শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার দক্ষিণ শেরেরচর গ্রামের জব্বার চোকদারের ছেলে সুরুজ চোকদার (২৫) ও মোটর সাইকেল আরোহী মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা গ্রামের মোহাম্মদ সিকদারের ছেলে খোকন সিকদার (২৬)। সাঁথিয়া (পাবনা) পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পুটিগাড়ায় গতকাল সোমবার দুপুরে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীকে চাপা দিলে শরিফুল (৩০) ঘটনাস্থলেই মারা যান। আতাইকুলা থানা পুলিশ ট্রাকটি আটক করেছে, চালক পলাতক। নান্দাইল (ময়মনসিংহ) উপজেলার ঝালুয়া বাজারে গতকাল সোমবার দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় আব্দুস সালামের মেয়ে ঝুমা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে আরবী শেখার জন্যে মক্তবে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক রেখে চালক পালিয়ে যায়। ময়না তদন্তের জন্যে শিশুর লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফুলবাড়ি (দিনাজপুর) উপজেলার স্বজনপুকুর এলাকায় গতকাল সোমবার সকালে খড়ি বোঝাই ট্রাক্টর উল্টে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন রাসেল (২৮), সাদেকুল ইসলাম (২০), সাদ্দাম হোসেন (২২) ও জাকিরুল ইসলাম (২৬)। নছিমনকে সাইট দিতে গিয়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।