কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ ফুটপাত দিয়ে হাঁটা দায়। সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড,আদর্শ সদর থানার কান্দিরপাড়, বাদশা মিয়ার বাজারসহ বেশ কয়েকটি রাস্তা ও ফুটপাত প্রশস্ত করা হয়। রাস্তা মেরামত করার পর বেশকিছু অবৈধ দোকান ও ভ্যানস্ট্যান্ড ফুটপাত থেকে উচ্ছেদও করা হয়েছিল। আবার দখলবাজরা ফুটপাতগুলো দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোথাও দোকানিরা রাস্তা দখল করেছে,কোথাও অবৈধ ভ্যানস্ট্যান্ড কিংবা দূরপাল্লাগামী বাস কাউন্টার,কোথাও বা চা-দোকান কিংবা সিগারেটের ছোট ছোট দোকান উঠিয়ে যে যেভাবে পারছে জায়গা দখল করে নিচ্ছে। জানা গেছে, এসব অবৈধ দোকান ও ভ্যানস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হয়। কুমিল্লার এমন কিছু ফুটপাত এমনভাবে দখল হয়েছে যে, দোকানিদের মালামালের কারণে পথচারী তথা এলাকাবাসীর হাঁটাচলা করতে বেশ অসুবিধা হচ্ছে। এ অবস্থায়, কুমিল্লা সিটি এলাকা থেকে দখলবাজদের উঠিয়ে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আজিম উল্যাহ হানিফ,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
