ধৈর্য ধরার ডাক দিলেন সালাউদ্দিন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়ে নেপাল গিয়ে খালি হাতে বিদায়; এরপরও সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজী সভাপতি সালাউদ্দিন। গতকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানালেন, সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য যে পরিশ্রম করা হয়েছে, প্রয়োজন হলে এর থেকে দশগুণ পরিশ্রম করা হবে। নেপালে কঠিন গ্রুপে লড়াইটা যে বাংলাদেশের জন্য যে কঠিন হবে সেটা আগেই আন্দাজ করা গিয়েছিল। এরপরেও প্রথম রাউন্ডেই বিদায় দেশের ফুটবলের জন্য হতাশাজনকই বটে। সেটা মনে রেখেই বাফুফে সভাপতি এই অবস্থা থেকে কঠোর পরিশ্রম করার উপর জোর দিলেন, ‘এই সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। এবার যে পরিমাণ পরিশ্রম করেছি, সামনের সাফে এর থেকে দশগুণ পরিশ্রম করতে হবে। আমরা হাল ছাড়িনি। আমাদের ফুটবল দাঁড়াবেই। সবাইকে আমি ধৈর্য ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের লড়াই করে যেতে হবে। আমাদের পাশে থাকুন।’ এর মধেই নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য তিন সদস্যের তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করেছে বাফুফে। তিন জন সদস্য হলেন বাদল রায়, তাবিথ আওয়াল ও শামসুল হক চৌধুরী এমপি। আজ থেকেই কাজ শুরু করতে যাচ্ছে এই কমিটি। কমিটি আগামী সাত থেকে দশদিনের মধ্যে তাদের অনুসন্ধানী তথ্য বাফুফের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পরও নিজেদের লক্ষ্যে কোন পরিবর্তন আনছে না বাফুফে। এই প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘সবারই মন খারাপ। আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। প্রতিটি ম্যাচেই ২-৩ মিনিটের বাজে পারফরম্যান্সে আমরা হেরে গেছি। ফুটবলে এটা অনেক বড় ব্যাপার। এর মানে এই নয় যে, আমাদের চেষ্টা এখানেই শেষ। ২০২২ সালে আমরা বিশ্বকাপ ফুটবল খেলতে চাওয়ার লক্ষ্যের কথা আগেই জানিয়েছে। এখনও সেই একই লক্ষ্যেই কাজ করবো।’ বয়সভিত্তিক ফুটবলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বাফুফে। আগামী তিন মাসের মধ্যে তিনটি বয়সভিত্তিক দল বিদেশ সফরে যাচ্ছে। এই ব্যাপারে বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞতার কোন অভাব নেই। এখন আমরা তরুণদের নিয়ে কাজ করতে চাই।’ প্রেস ব্রিফিংয়ে বোর্ড সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ, বাদল রায়, জাতীয় দলের দুই কোচ লুডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার।