নামে ঢাকা মহানগরী প্রিমিয়ার লিগ; কিন্তু প্রথম দুই রাউন্ডে লিগের ১২টি খেলাই হল ঢাকা মহানগরীর বাইরে—বগুড়া, রাজশাহী, সাভার, নারায়ণগঞ্জ! অবশেষে এই ‘কলঙ্ক’ মোচন হতে যাচ্ছে। তৃতীয় রাউন্ড থেকে ঢাকায় আসছে প্রিমিয়ার লিগের খেলা। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের গতকাল যে সূচি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ঘোষণা করেছে, তাতে পরের দুই রাউন্ডে চারটি ম্যাচ আছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠকে কোয়ালিফাই খেলারও যোগ্য নয় বলে আলোড়ন তৈরি করে ফেলেছেন তামিম ইকবাল। কিন্তু তামিমের সে কথাকে নয়; ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্টকেই গুরুত্ব দিচ্ছে সিসিডিএম। তার ওপর ভিত্তি করেই পরের দুই রাউন্ডেও এই ভেন্যুতে খেলা রেখেছে তারা। বিকেএসপির চেয়ে স্বাভাবিকভাবেই চোখটা মিরপুরে বেশি থাকবে। তৃতীয় রাউন্ডের প্রথম দিনে, ১৯ সেপ্টেম্বর মিরপুরে খেলবে ভিক্টোরিয়া ও ব্রাদার্স। ২১ সেপ্টেম্বর এখানে আবাহনী-মোহামেডানের ক্লাসিক লড়াই হবে। চতুর্থ রাউন্ডে এই ভেন্যুতে ২৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে গাজী ট্যাংক ও সিসিএস। ২৫ সেপ্টেম্বর মিরপুরে শেখ জামাল ও মোহামেডানের দ্বৈরথ দেখা যাবে। এ ছাড়া এই দুই রাউন্ডের বাকী ম্যাচগুলোও ঢাকার কাছাকাছিই হবে—ফতুল্লা ও বিকেএসপির তিন নম্বর মাঠে। মিরপুরে খেলা ফেরায় খেলোয়াড়-দর্শকদের আনন্দ ছাড়া কিছু নেই। কিন্তু একটু বিতর্ক আছে পরের দুই রাউন্ডেও বিকেএসপির তিন নম্বর মাঠে চারটি খেলা রাখায়। এই মাঠে দ্বিতীয় রাউন্ডে, গত রবিবার সেঞ্চুরি করা তামিম ইকবাল বলেছেন, এখানে বাছাইপর্বেরও খেলা রাখা উচিত না; এতোটাই নাকী খেলার অনুপযুক্ত এই মাঠ! সিসিডিএম মানছে যে, এখানকার উইকেট একটু ধীরগতির। কিন্তু ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্ট দেখে তারা নিশ্চিত হয়েছেন যে, তামিম যতোটা বলেছেন, বিকেএসপির তিন নম্বর মাঠ মোটেও তেমন খেলার অযোগ্য নয়। সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের ভাষ্য দেখে প্রতিক্রিয়ায় কাল বলেছেন, ‘মাঠ খেলার অনুপযুক্ত হলে ম্যাচ রেফারি ও আম্পায়াররা খেলা চালাতেন না। তারা পরেও নিশ্চিত করেছেন যে উইকেট একটু ধীরগতির হলেও মাঠ আনপ্লেয়বল নয়। আর সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি, প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসেই উইকেটের মান ভালো হয়েছে। তার মানে, এখানে সময়ের সঙ্গে সঙ্গে উইকেট ও মাঠ আরও ভালো হবে। ফলে এখানে খেলা চালাতে কোনো সমস্যা হবে না।’
উল্লেখ্য, বিকেএসপিতে তৃতীয় রাউন্ডে ১৯ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক ও সিসিএস, ২১ সেপ্টেম্বর খেলাঘর ও কলাবাগান অ্যাকাডেমির খেলা হবে। আবার চতুর্থ রাউন্ডে ২৩ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর এবং ২৫ সেপ্টেম্বর আবাহনী ও কলাবাগান অ্যাকাডেমির খেলা আছে।
