নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

সীমিত ওভারের দল ঘোষণা কিউইদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল আগেই ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যও স্কোয়াড জানিয়ে দিল নিউজিল্যান্ড ক্রিকেট। এই দলে উল্লেখযোগ্য পরিবর্তন হল—ইনজুরির কারণে টেস্টে না থাকা টিম সাউদি আছেন এখানে। সাউদিকে এবং একেবারে অনভিষিক্ত ওপেনিং ব্যাটসম্যান অ্যান্টন ডেভচিসকে দলে রেখে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অ্যাডাম মিলনে ও জিমি নিশাম আবার দলে ডাক পেয়েছেন। উইকেটরক্ষক লুক রচি ও অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের জায়গা হয়নি দলে। চোটের কারণে অনুমিতভাবেই টেস্টের মতো ওয়ানডে দলেও নেই সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টরি এবং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১ নভেম্বর একই স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। ৪ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ নভেম্বর। সীমিত ওভারের দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, অ্যান্টন ডেভচিস, গ্র্যান্ট এলিয়ট, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জেমস নিশাম, হ্যামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর ও কেন উইলিয়ামসন।