ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন করে রিয়াল মাদ্রিদের পাঁচ বছরের চুক্তি করার সাথে সাথেই নিশ্চিত হয়ে গেছে আপাতত তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা বিসর্জন দিতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর রোনালদোও সাফ জানিয়ে দিলেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত মাদ্রিদেই থাকতে চান তিনি।
নতুন এই চুক্তি অনুযায়ী রোনালদো ট্যাক্স এবং বোনাস বাদে বছরে দেড় কোটি ইউরো বা সপ্তাহে প্রায় ২৮৮,০০০ ইউরো পাবেন। গ্যারেথ বেলের বাত্সরিক বেতন ৮৩ লাখ ইউরো। বেল বিশ্বের সব থেকে দামি ফুটবলার হলেও নতুন এই চুক্তির কারণে রোনালদো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার। গত বছর রোনালদো মিডিয়ার কাছে জানিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদে ‘অখুশি’। তারপর রোনালদোর ট্রান্সফার ফি’র রেকর্ড ভেঙ্গে বেলের আগমন। সব মিলিয়ে ডেভিড ময়েস আশা করেছিলেন রোনালদোকে পাবেন ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু রোনালদো এবং রিয়ালের মধ্যকার রবিবারের চুক্তি জানান দিচ্ছে ২০১৮ সাল পর্যন্ত বার্নাব্যুতেই আছেন। চুক্তি শেষে রোনালদো বলেন, ‘আমি এখানে সত্যিই খুব খুশি। আমি ক্লাবের জন্য ট্রফি জিততে চাই। ম্যানচেস্টার আমার অতীত। আমি আরো পাঁচ বছর এখানেই (রিয়াল মাদ্রিদ) থাকছি।’
এই চুক্তির মেয়াদ যখন শেষ হবে তখন তার বয়স হবে ৩৩ বছর। ক্যারিয়ারের শেষ পর্যন্ত রিয়ালের হয়েই খেলতে চান রোনালদো, ‘সবাই জানেন আমি ম্যানচেস্টারে ছয় বছর খেলেছি। কিন্তু এখন আমি রিয়ালে। এখানেই আমি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত খেলতে চাই।’
