ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৬
ডুবে যাবার ২০ মাস পর ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়াকে সাগরতলের শিলাখণ্ড থেকে ছাড়িয়ে পানির উপর আনা হয়েছে। এটি ভূমধ্যসাগরে আটকা পড়েছিল। প্রমোদতরীটিকে উদ্ধারের জন্য ব্যাপক অভিযান চালানো হয়। বলা হচ্ছে, বিশ্বের ইতিহাসে কোনো জাহাজ তুলতে এমন ব্যাপক অভিযানের নজির কমই আছে। খবর বিবিসির। সূত্র জানায়, ২০১২ সালের জানুয়ারিতে ইতালির পশ্চিম উপকূলীয় দ্বীপ গিগলিওর অদূরে তুসকান উপকূলের কাছে শিলাখণ্ডের সঙ্গে লেগে কাত হয়ে আটকা পড়েছিল জাহাজটি। জাহাজটিকে শিলাখণ্ড থেকে ছাড়িয়ে সাগরের ওপরই নির্মিত একটি প্লাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রমোদতরী দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছিল। দুইজনের মৃতদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান পরিচালনাকারীরা বলেছেন, জাহাজে মৃতদেহের আর কোনো চিহ্ন নেই। বিশালাকারের এই জাহাজটি উদ্ধারকাজ শুরুর সময়টাতে বেশ বেগ পেতে হয়েছে প্রকৌশলীদের। এখন জাহাজটিকে নাড়ানো সম্ভব হওয়ায় এটিকে সহজেই তীরে ভেড়ানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন, সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে।