সিরিয়ার ব্যাপারে কঠোর প্রস্তাবনা তৈরি করুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার রুশ পরিকল্পনায় রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে। প্যারিসে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা এমন একটি প্রস্তাব আনতে চাইছেন যাতে বলা হবে, চুক্তিমতো কাজ না করলে, সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোন ধরনের শক্তি প্রয়োগের প্রস্তাবে রাশিয়া রাজি নয়। রুশ-মার্কিন সমঝোতার পর থেকেই যে কূটনৈতিক তত্পরতা শুরু হয় এটি বাস্তবায়নের জন্য তারই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্যারিসে যান। সেখানে ফরাসী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলেছেন। তিনটি দেশই একমত হয়েছে যে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের যে সিদ্ধান্ত হয়েছে, তার একটা পরিষ্কার সময়সীমা বেঁধে দিতে হবে। তিনটি দেশই এই লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা কঠোর প্রস্তাব অনুমোদনের পক্ষে । প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এই প্রস্তাবটি যদি যথেষ্ট বলিষ্ঠ না হয়, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বিষয়টিকে মোটেই গুরুত্বের সঙ্গে নেবেন না। তিনি বলেন, জেনেভার চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আকারে তুলে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রস্তাবটি হতে হবে খুবই বলিষ্ঠ এবং কঠোর। এই প্রস্তাব হতে হবে বাস্তবসম্মত ও স্বচ্ছ। এতে জবাবদিহিতার ব্যবস্থা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি মানতে সিরিয়াকে বাধ্য করতে হবে। জন কেরি আরো বলেন, প্রেসিডেন্ট আসাদ যদি বুঝতে পারেন যে এই জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না, তখন তারা এটি নিয়ে নানা খেলা শুরু করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াসও নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পর্কে ঠিক একই ধরণের মতামত তুলে ধরেছেন।