সন্ত্রাসীদের হুমকির মুখে ফেনীতে এক ছাত্রীর স্কুল বন্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১০
জেলার দাগনভূঞা উপজেলার আবদুল নবী গ্রামে সন্ত্রাসীদের হুমকির মুখে বাতসিরি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতির প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটি স্কুলে ফিরতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করে মেয়েটি। এসময় মেয়েটি অভিযোগ করে, দাগনভূঞা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন স্কুল পরিচালনা কমিটির সভাপতি। সমপ্রতি ঐ কিশোরীকে মামুনের শ্যালক মোঃ মেহেদী হাসান সাব্বির ও তার সহযোগীরা অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক বিয়ে করে। ওই ঘটনার কিছুদিন পর মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে আসে মেহেদী। ঈদের ছুটি শেষে মেয়েটি স্কুলে গেলে কর্তৃপক্ষ তাকে ক্লাস থেকে বের করে দেয়। অসহায় মেয়েটি মা-বাবাকে নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির কাছে গেলেও কোন লাভ হয়নি। বরং তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। পুলিশ সুপার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনে তিনি দাগনভূঞা থানা ওসি’র মাধ্যমে ওই ছাত্রীটিকে গত শনিবার স্কুলে পাঠিয়েছেন। তবে নির্যাতিতা মেয়েটি সাংবাদিকদের জানান, মামুন ও তার সহযোগীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।