টাকা ফেরত দেয়ার শর্ত ভঙ্গ

জেসমিনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
অর্থ আত্মসাতের ১১টি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবারো হাইকোর্টে আবেদন করেছে। জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল সোমবার এ আবেদন করা হয়। এর আগে হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলো। এ রুল বিচারাধীন থাকাবস্থায় নতুন কারণ দেখিয়ে দুদকের পক্ষে জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে আবেদন করেছেন দুদক কৌঁসুলি এডভোকেট খুরশীদ আলম খান। আবেদনে বলা হয়েছে, প্রতি মাসে একশ কোটি টাকা ঋণ ফেরত দানের শর্তে জেসমিনকে জামিন দেয় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। কিন্তু গত মাসে আদালতের দেয়া শর্তানুযায়ী ১০০ কোটি টাকা জমা দেননি জেসমিন ইসলাম। এর পরেও আদালত তার জামিন বহাল রেখেছেন। অর্থ না দেয়াটা জামিনের শর্ত ভঙ্গের শামিল। এজন্য উচ্চ আদালত তার জামিন বাতিল করতে পারে।