জাতীয় সংসদের ঝালকাঠি-২ আসনের সীমানা পুন:নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে ইসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
সীমানা পুন:নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে ঝালকাঠি শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান সেলিম হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয়, ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা মিলে ঝালকাঠি-২ আসন গঠিত।
