রাশিয়ার পরমাণু শক্তিচালিত একটি ডুবোজাহাজে আগুন লেগেছে। জাহাজ নির্মাণ কারখানায় মেরামতের সময় গতকাল সোমবার রাশিয়ার পূর্ব উপকূলীয় ভলাদিভস্তক বন্দর শহরে এই দুর্ঘটনা ঘটে। তবে এই আগুনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর কর্মকর্তারা। পরমাণু চুল্লি থেকে উত্পাদিত শক্তিতে চালিত এই ডুবোজাহাজটির নাম টোমস্ক। মেরামত কাজের সময় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে ডকে আনার আগেই ডুবোজাহাজের পরমাণু চুল্লিটি বন্ধ করে দেয়া হয়।
রুশ সংবাদ সংস্থা আরআইএ কে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক কর্মকর্তা জানিয়েছেন, ডুবোজাহাজটি থেকে সব নাবিকদের সরিয়ে নেয়া হয়েছে এবং জাহাজটিতে কোনো অস্ত্র নেই। আরেক নৌ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইতার তাস জানায়, জাহাজ থেকে সব অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আছে। শহরের অধিবাসীদের কোনো ভয় নেই। দুটি অগ্নিনির্বাপনী জাহাজ আগুন নিয়ন্ত্রণে আনে।
