‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজ’ বলে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে মন্তব্য করায় মানহানির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুছ তালুকদার। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত এ আবেদন মঞ্জুর করেন। আদালত ওই দুই নেতাকে অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন। আদালত কাল বুধবার এ বিষয়ে শুনানির সময় নির্ধারণ করেছেন। দুই বিএনপি নেতার পক্ষে শতাধিক আইনজীবী মামলা পরিচালনা করেন। জামিন লাভের পর আদালত প্রাঙ্গণে এক তাত্ক্ষণিক সমাবেশে গিয়াস কাদের চৌধুরী পরিবেশ মন্ত্রীর দুর্নীতি তদন্ত করার দাবি জানান।
