সাগরে ট্রলার ডুবি ৪ জেলে নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৯
বঙ্গোপসাগরের জাহাজহাড়ি এলাকায় মালবাহী ট্রলারের ধাক্কায় মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে চার জেলে মারা গেছে। গতকাল সোমবার এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়ে ফিরে আসা দুর্ঘটনা কবলিত ট্রলারের ৩ মাঝিমাল্লা খবরটি নিশ্চিত করে। নিহতদের আত্মীয়-স্বজন ছাড়াও শত শত মানুষ লাশের অপেক্ষায় ভিড় করছে ছনুয়া বেড়িবাঁধ এলাকায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন লাশের সন্ধান মেলেনি। এফবি মায়ের দোয়া নামের ট্রলার ডুবিতে নিহত জেলেরা হলেন— ছনুয়া ওমর আলী পাড়ার আবুল হোসেন (৩৮), ৫নং ওয়ার্ডের মহিউদ্দীন (২৫), মাতবর পাড়ার ওয়াজ উদ্দিন (২০) ও একই এলাকার মোঃ আজম (২২)। মাঝিমাল্লা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ছনুয়া এলাকার জনৈক বাহাদুরের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ও এফবি আল্লাহর দান নামের ২টি ফিশিং ট্রলার মাছ ধরতে গভীর বঙ্গোপসাগরে যায়। ট্রলার দুটি মাছ ধরে সাগরের জাহাজহাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা একটি মালবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে ওই ফিশিং ট্রলারটির। ঘটনাস্থলেই চার জেলেসহ ট্রলারটি সাগরের গভীর তলে হারিয়ে যায়।