প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন আমু ও তোফায়েল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৯
জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রীর নির্দেশে তার সফর সঙ্গীদের তালিকায় আওয়ামী লীগের এই দুই প্রবীণ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমান মহাজোট সরকারের মেয়াদের শেষ দিকে এবারই প্রথম আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদেশ যাচ্ছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর তালিকায় মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামও রয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী প্রায় ৭০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে ৭ দিনের সফরে আগামী ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন ২০ সেপ্টেম্বর। সরকারি প্রতিনিধি দলের বাইরে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৪৫ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও নিউইয়র্ক যাচ্ছে। সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন ২৯ সেপ্টেম্বর।