রাশিয়ার চেচনিয়ায় সোমবার একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন পুলিশ নিহত হয়েছে। চেচনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
চেচনিয়ার রাজধানী গ্রোজনীর ৫০ কিলোমিটার পশ্চিমে সারনোভদসক শহরে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে আঘাত হানার চেষ্টা চালায়। এ সময় দায়িত্বরত এক পুলিশ গাড়ি থামানোর সংকেত দিলে ঐ হামলাকারী সঙ্গে সঙ্গেই বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ নিহত ও চারজন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে।
