ঝালকাঠির রাজাপুরের মনোহরপুর-বিশ্বাসবাড়ি সড়কটি দীর্ঘদিন যাবত্ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। সারা বছর কর্দমাক্ত থাকায় স্থানীয়রা নিজ উদ্যোগে সড়কের ওপর সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ফলে ওই সড়কের উপর নির্ভরশীল আশেপাশের ১০টি গ্রামের জনসাধারণ ও কমপক্ষে দশটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তহিদ জানান, গুরুত্বপূর্ণ প্রায় দুই কিলোমিটার এই সড়ক দিয়ে মনোহরপুর, পাড়গোপালপুর, জগন্নাথপুর, বিশ্বাসবাড়িসহ অন্তত ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এটি বর্তমানে কর্দমাক্ত ও দেবে গিয়ে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হওয়ায় স্থানীয়রা সড়কের উপর দিয়ে সাঁকো নির্মাণ করে যাতায়াত করছে। এছাড়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসাসহ অন্তত দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। রাজাপুর লেবুবুনিয়া ও রাজাপুর বেকুটিয়া সড়কের গুরুত্বপূর্ণ লিংক সড়কও এটি। এই সড়কটি ইউনিয়ন পরিষদের হওয়ায় সংস্কার হচ্ছে না দীর্ঘদিন।
