বারইয়ারহাটে পৌর ভবন নেই !

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত বারইয়ারহাট পৌরসভার দীর্ঘ তের বছরেও স্থায়ী ভবন হয়নি। ফলে প্রতিবছর পৌর কর্তৃপক্ষকে প্রায় ৪ লাখ টাকা ভাড়া গুণতে হচ্ছে। বারইরহাট পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে স্থাপিত হয়েছিল এ পৌরসভা। গত কয়েক মাস আগে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে উক্ত পৌরসভায় ছোট বড় তিন হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিবছর বিভিন্ন খাত থেকে প্রায় কয়েক কোটি টাকা কর আদায় হয়ে থাকে। এছাড়াও ১টি কলেজ, ৩টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডার গার্টেন, ১টি অস্থায়ী ডাকঘর, ১টি বিদ্যুত্ অফিস, ১টি বন গবেষণা কেন্দ্র, সরকারি-বেসরকারি ৮টি ব্যাংক, ৫টি বীমা প্রতিষ্ঠান, ১১টি মসজিদ ও ৬টি মন্দির ছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর কার্যালয়ে যান। কিন্তু স্থায়ী ভবন না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। বর্তমানে যে ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সে ভবনটি মাসিক ত্রিশ হাজার টাকায় ভাড়া করা। এবিষয়ে বারইয়ারহাট পৌরসভার মেয়র আবু তাহের ভূইয়া বলেন, আমি স্থায়ী ভবন নির্মাণের জন্য চেষ্টা করছি। আগামী মাসের মধ্যে পৌরসভার স্থায়ী ভবনের জন্য জমি ক্রয় করা সম্ভব হবে।