দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
বিরল উপজেলার রানীপুকুর গ্রামে গত সোমবার রমজান আলীর পুত্র মহসিন (৩৫) মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার রামেরখোলায় গত সোমবার বাস চাপায় হানিফ সুকানি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হানিফ ভোলার সদর থানার আলি নগর গ্রামের রফিক সওদাগরের পুত্র। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের আলোকদিয়ায় গত সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো, কামারখন্দ উপজেলার বাগবাড়ী কারিগরি কলেজের ছাত্র ও মৃত মোবারক আলীর ছেলে হযরত আলী (১৮) এবং গয়নাকান্দি গ্রামের শুকুর আলীর ছেলে রেজাউল করিম (১৭)। আহতদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নরসিংদী
নরসিংদী সদর উপজেলার খাটেহারা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ছানাউল্লাহ (৪২) ও সেলিম মিয়া (২৮)। আহতরা হলেন বাচ্চু (৪২), সাইজুদ্দিন (৫০), মান্নান (৫০), কুদ্দুছ আলী (৪০), সোহরাব (২২) ও অটোচালক অজ্ঞাত (৩০) নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চান্দিনার সব্দলপুর গ্রামে গতকাল মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শালিখা গ্রামের শরিফুল ইসলাম (২৭), ফারুক আহমেদ (২৫) ও ইব্রাহিম খলিল (৩২)। এরা চাচাতো জেঠাতো তিন ভাই চান্দিনা বাজারে মাছ বিক্রি করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলেই তারা মারা যান। আহতদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরশুরাম (ফেনী)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় গত সোমবার দুপুরে লরীর ধক্কায় নুর আহম্মদ (৬৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। সে সদর উপজেলার মজিলিশপুরের একটি মসজিদের মুয়াজ্জিন। মহিপাল হাইওয়ে থানা পুলিশ লরীটি আটক করেছে।
নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুর-পাটগাতী সড়কে ভাইজোড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে মোটর সাইকেল চাপায় হোসেন আলী শেখ (৫০) নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত পথচারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদা-দর্শনা মহাসড়কে জয়রামপুর বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার বিকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষক নিহত হয়েছেন। নিহতরা হলেন, রামনগর হাইস্কুলের সহকারী শিক্ষক সোলাইমান হক রাজু (৩৭) ও চুয়াডাঙ্গা রেলবাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ। দর্শনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জয়রামপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
