বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পূর্বধলা (নেত্রকোনা)
পূর্বধলা উপজেলার বাদেপুটিকা গ্রামে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে চাচা আ. গফুর (৬০) খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ওত্ পেতে থাকা নজরুল ইসলাম ছুরি দিয়ে তার চাচা আ. গফুরের তলপেটে আঘাত করে পালিয়ে যায়। আ. গফুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
হালুয়াঘাট (ময়মনসিংহ)
উপজেলার কুতিকুড়া গ্রামে গতকাল মঙ্গলবার মোখলেছ উদ্দিনের পুত্র মোঃ ওবায়দুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তি রহস্যজনকভাবে খুন হয়েছেন। গভীর রাতে চিত্কার শুনে পরিবারের লোকজন দেখেন সে অসুস্থ। গুরুতর আহত অবস্থায় তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ জানায়, বসত ঘরে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুকের নিচে মারাত্মকভাবে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। পুলিশ ওবায়দুলের স্ত্রী মৌসুমিকে আটক করেছে।
সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়ায় গত সোমবার বিকালে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে করমজা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। উপজেলার গোপিনাথপুর ফুটবল মাঠে পৌর গোল্ডকাপ খেলা দেখতে গিয়ে বোয়াইলমারী গ্রামের মৃত আকবরের ছেলে কুদ্দুসের সাথে কথা কাটাকাটি হয়। বাড়ি ফেরার পথে সিএনজির গতিরোধ করে ইব্রাহিমকে মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়। সে রাতে অসুস্থ হয়ে পড়লে বেড়া হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।
