‘সব ভাল, যার শেষ ভাল’- প্রবাদটা এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে খুব ভাল মানাচ্ছে। ইংল্যান্ডে দীর্ঘ এক সফরে শুরুর বিপর্যয় কাটিয়ে তারা গত সোমবার জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। অ্যাশেজে ব্যর্থতার পর মাইকেল ক্লার্ক বাহিনী পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের। সিরিজ জয়ের পর ক্লার্কও খুঁজে পাচ্ছেন অনেক ইতিবাচকতা, ‘অনেকের জন্য হয়তো এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়। কিন্তু আমাদের দলের জন্য এটা অনেক বড় ব্যাপার।’
গত সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সাউদাম্পটনে অলরাউন্ডার শেন ওয়াটসনের ১৪৩ রানের ইনিংসের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ানরা ৪৯ রানের সহজ এক জয় পেয়েছে ইংলিশ দলের বিপক্ষে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক স্বস্তি প্রকাশ করে বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমরা ইংল্যান্ডে ওয়ানডে দল হিসেবে ভাল পারফর্ম করতে পারছিলাম না। আমাদের খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে। আর আমরা সেই পরিশ্রমের ফল পেয়েছি। ড্রেসিংরুমের সবাই এই জয়ে অনেক বেশি উদ্বেলিত। সিরিজ জয় আমাদের প্রাপ্য ছিল।’
সিরিজের শেষ ম্যাচে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন মূলত শেন ওয়াটসন। টসে জিতে ব্যাট করতে নেমে ওয়াটসনের কল্যাণে ২৯৮ রানের পাহাড় গড়ার পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ ওভারে ২৪৯ রান করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ওয়াটসন ছাড়া অধিনায়ক ক্লার্কও করেন ৭৫ রান। ক্লার্ক বলেন, ‘সিরিজ আমাদের হয়েছে কারণ আমরাই এর যোগ্য ছিলাম। আর দলের প্রয়োজনে ভাল খেললে সব সময়ই ভাল লাগে। আর ওয়াটসনের সাথে আমার কাজটা ছিল শুধু এক প্রান্ত আগলে রাখা। তার খেলার ধরন আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। আর সব মিলিয়ে এখন আমার কাছে সব কিছুই আনন্দময় লাগছে; এমনকি এখানে বসে কথা বলাটাও!’
