একই গ্রুপের চারটি দলই এর আগে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। তবে বাস্তবে অঘটন না ঘটলে, সামপ্রতিক ফর্ম এই চারটি দলের মধ্যে বার্সেলোনাকেই ইউরোপের শিরোপা জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রাখছে। ‘এইচ’ গ্রুপে বার্সেলোনাসহ বাকি তিনটি দল হলো, সাতবারের ইউরোপ সেরা এসি মিলান, আয়াক্স আমস্টারডাম এবং সেল্টিক।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে প্রথমবারের মতো মুখোমুখি হবে বার্সা এবং আয়াক্স। বার্সেলোনা ছাড়াও মাঠে নামছে আরও তিন বড় দল- চেলসি, এসি মিলান ও আর্সেনাল। লিওনেল মেসি এবং নেইমারের জুটির উপর ভর করে ন্যু ক্যাম্পে জয় তুলে নিতে চাইবে বার্সা। আর চলতি বছরে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাত্র দুবার পরাজয়ের স্বাদ পেতে হয়েছে বার্সাকে। আজ চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে অভিষেক হচ্ছে বার্সার কোচ জেরার্ডো মার্টিনো এবং ব্রাজিলের তারকা নেইমারের। এই টুর্নামেন্টে ৫৯ গোলের মালিক মেসি এবং নেইমারের দুর্দান্ত ফর্ম ম্যাচ শুরুর আগে স্বস্তি যোগাচ্ছে কাতালান শিবিরে। মেসিও জানেন গ্রুপ পর্ব তাদের জন্য কঠিন হবে, ‘আমরা ধরেই নিয়েছিলাম যে, আমাদের গ্রুপটি কঠিন হবে। গ্রুপের অন্যদলগুলোর সাথে আমরা এর আগেও খেলেছি। অ্যাজাক্স বাদে বাকি দলগুলোকে আমরা ভালভাবে চিনি। তবে আয়াক্সের সাথে না খেললেও তাদের খেলা দেখেছি। সব মিলিয়ে গ্রুপ পর্বটা রোমাঞ্চকর হবে।’ চ্যাম্পিয়ন্স লিগ জেতা যে কঠিন হবে তার আভাসও দিয়েছেন এই আর্জেন্টাইন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ নয়। আমাদের জন্য প্রথম থেকেই তা প্রমাণিত হচ্ছে।’ ইনজুরির কারণে কার্লোস পুয়োল এবং ইব্রাহীম আফালে ডে দলে থাকছেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। আর শনিবার সেভিয়ার বিপক্ষের ম্যাচে পাওয়া চোটের কারণে আজ আয়াক্সের বিপক্ষে মাঠে নামছেন না জোর্ডি আলবা।
আয়াক্স যে জয়ের জন্য মাঠে নামছে না তা জানিয়ে দিয়েছেন ডিফেন্ডার নিকলাস ময়শেন্ডার, ‘বার্সেলোনা আমাদের থেকে অনেক ভাল একটি দল। আজ আমরা মাঠে নামবো জেতার জন্য নয়, তাদের সাথে খেলে কিছু অর্জন করতে চাই।’ আজ রাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে ‘এইচ’ গ্রুপের অপর তুই দল সেল্টিক এবং এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমে নিজেদের মাঠে বার্সাকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি প্রেরণা যোগাচ্ছে মিলানকে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে ন্যাপোলির, চেলছি নিজেদের মাঠে খেলবে বাসেলের বিপক্ষে এবং আর্সেনাল খেলবে অলিম্পিক ডি মার্শেই বিপক্ষে।
