দ্বিতীয় বিভাগে উঠলো সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
তৃতীয় বিভাগ ফুটবল থেকে দ্বিতীয় বিভাগে উঠেছে রাজধানীর মুগদা এলাকার সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ। গতকাল দ্বিতীয় বিভাগে খেলার নিশ্চয়তা পেয়েছে দলটি। আগেই দ্বিতীয় বিভাগে উঠেছে নবাবপুর ক্রীড়া চক্র। এবারের মৌসুমে তৃতীয় বিভাগে ২০টি দল লড়াই করছে। এর মধ্যে তিনটি দল দ্বিতীয় বিভাগে উঠবে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ তানজুমুল হাসানের একমাত্র গোলে হারিয়েছে খিলগাঁও ফুটবল একাডেমিকে। সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদার সাধারণ সম্পাদক জাকির হোসেন সংবাদ মাধ্যমকে জানান তারা ৩২ বছর পাইওনিয়র লিগে খেলেছেন। গত বছর তৃতীয় বিভাগে উঠলেও টিকে থাকতে পারেননি। তিনি বলেন, আমাদের এ সাফল্যের জন্য মুগদাবাসী সকলেরই অবদান আছে। তবে বিশেষভাবে কৃতজ্ঞ দলের প্রধান পৃষ্ঠপোষক বিএম সিরাজুল ইসলামের প্রতি। উনার অবদানের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমরা। আমাদের লক্ষ্য প্রথম বিভাগে খেলা।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় বিভাগ ফুটবলের অন্য ম্যাচে বিকেএসপি ৬-১ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে। বিজয়ী দলের রাতুল হ্যাটট্রিক করেন। রইস ২, ফয়সাল ১ এবং দিপালী যুব সংঘের সুজন ১ গোল করেন।