ভোলায় গেলে আমার মাথা নত হয়ে আসে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
ভোলার নদী ভাঙন রোধ করতে না পারার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় গেলে ভাঙন এলাকার মানুষের কাছে আমার মাথা নত হয়ে আসে। সোমবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তোফায়েল আহমেদ ভোলার মানুষের দুরবস্থার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা ভোলার নদী ভাঙন রোধ করার জন্য এখনো বেড়িবাঁধ নির্মাণ করতে পারিনি। বন্যার পানির কারণে মানুষ গৃহহারা হয়ে পড়ে। বিভিন্ন কলেজে গিয়ে আশ্রয় নেয়। এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন ভোলার মানুষ। তিনি বলেন, ভোলায় বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। কিন্তু কাজ চলছে শম্বুক গতিতে। খুব তাড়াতাড়ি যদি ভোলায় বেড়িবাঁধ নির্মাণ করা না হয় তা হলে ভোলা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তিনি এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, যেভাবে ভোলা তৈরি হয়েছে তোফায়েল আহমেদ তা জানেন। আমরা চাঁদপুরকে রক্ষা করতে পেরেছি। কিন্তু ভোলাকে রক্ষা করতে পারিনি। ভোলার বেড়িবাঁধ নির্মাণের জন্য আমাদের আরও একটু সময় লাগবে।