মেক্সিকোতে একই সঙ্গে দু’টি ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টি, ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৪ জন মারা গেছে। এতে কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলে হারিকেন ‘ইনগ্রিড’ ও ঝড় ‘ম্যানুয়েল’ আঘাত হানার কারণে এ ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে। খবর এএফপির।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ম্যানুয়েলের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূল উত্তাল এবং এর প্রভাবে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। হারিকেন ‘ইনগ্রিড’ আরো দুর্বল হয়ে পড়ার আগে মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে আঘাত হানে। এ দুই ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হারিকেনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র অবকাশ কেন্দ্র আকাপুলকোর অনেক এলাকা প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় এর সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে হাজার হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে বহু বিদেশি পর্যটক রয়েছে। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল ওসোরিও চং বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য নগর রক্ষা কর্তৃপক্ষ কন্সটান্টিনো গঞ্জালেস ভারগাস জানান, গুয়েররেরোতে ২ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে অন্তত ২১ হাজার ঘরবাড়ির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ জন ভূমিধসে মারা যায়। এছাড়া সেখানে আরো ২৫ জন নিখোঁজ রয়েছে।
জন নিরাপত্তা কর্মকর্তা জানান, মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভারাক্রুজ রাজ্যে একটি বাসের ওপর ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। জাতীয় জন নিরাপত্তা বিষয়ক সংস্থার প্রধান লুইস ফিলিপ পুয়েন্টা জানান, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো ও পুয়েবলা রাজ্যে এ দুর্যোগে আরো ৬ জনের প্রাণহানি ঘটে।
