রায়ে জাতির প্রত্যাশা প্রতিফলিত হয়েছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, কাদের মোল্লার ফাঁসির রায়ে জাতির প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ রায় মাইলফলক হয়ে থাকবে। রায়ের পর গতকাল মঙ্গলবার সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, অপরাধ করে কেউ বিচারের আওতায় আসবে না, এটা হতে পারে না। রায়ের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতির ইতি ঘটেছে। এ রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনের কোন অবকাশ নেই। আইনমন্ত্রী বলেন, এ আইনে আপিলের রায় রিভিউ করার বিধান নেই। রায় কার্যকরের সুনির্দিষ্ট সময়সীমা নেই। কারা কর্তৃপক্ষ এ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে বলে তিনি জানান। এদিকে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের রায়ের পর কাদের মোল্লার সামনে এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ রয়েছে। আপিলের রায় হওয়ার পরই আইন প্রক্রিয়া শেষ। দণ্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল সমন জারি করবে। এরপর জেল কর্তৃপক্ষ কারা বিধি অনুসারে ব্যবস্থা নেবে।