সাঁথিয়ায় ফুটবল খেলা দেখা নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
জেলার সাঁথিয়ায় ফুটবল খেলা দেখা নিয়ে ইব্রাহিম হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলাধীন পার করমজা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর ফুটবল মাঠে ইব্রাহিম কয়েকজন বন্ধু নিয়ে গত সোমবার বিকালে খেলা দেখতে যায়। এক পর্যায়ে উপজেলার বোয়াইলমারী গ্রামের মৃত আকবরের ছেলে কদ্দুসের সাথে তার কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় ইব্রাহিম তার বন্ধুদের নিয়ে সিএনজি করে বাড়ি ফিরছিল। এ সময় বোয়াইলমারী বাজারে সিএনজির গতিরোধ করে ইব্রাহিমের ওপর হামলা করে গুরুতর আহত করে কদ্দুসসহ বেশ কয়েকজন যুবক। রাত ৯ টার দিকে বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।