রায়ে সন্তুষ্ট ১৪ দল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল মঙ্গলবার রায় ঘোষণার পর ইত্তেফাককে দেয়া প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন এ জোটের নেতৃবৃন্দ তাদের সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশিত রায় হয়েছে। এখন দ্রুত রায় বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। একজন চিহ্নিত ঘাতকের যে রায় জনগণ প্রত্যাশা করেছিল, তাই হয়েছে। এই রায়ে শহীদদের আত্মা শান্তি পাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাদের মোল্লা ১৯৭১ সালে গণহত্যার জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিত ছিল। তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, সেটা মানবতাবিরোধী। তার ফাঁসির রায়ে আওয়ামী লীগ খুশি। তিনি বলেন, আশা করি, সরকারের এই মেয়াদেই ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের ফলে দেরিতে হলেও জনগণ ন্যায় বিচার পেয়েছে। মুক্তিযুদ্ধে লাখ শহীদের ঋণভার মুক্ত হলো জাতি। এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পথে জাতি একধাপ এগিয়ে গেল। অবিলম্বে তারা রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে বিলম্বে হলেও মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ী হয়েছে। আদালতের ঐতিহাসিক এ রায় দেশের তরুণ প্রজন্মের জন্য সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত প্রগতিশীল সমাজ বিনির্মাণে প্রেরণার উত্স হয়ে থাকবে। তিনি ভবিষ্যতে স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোনো অশুভ চক্রান্ত মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, রায়ে জাতি সন্তুষ্ট হয়েছে। আমি কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধীদের এ ধরনের বিচার চাই। আশা করি, বর্তমান সরকারের আমলেই চূড়ান্ত রায় কার্যকর করা সম্ভব হবে। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম বলেন, যে রায় আমাদের প্রত্যাশিত ছিল সেই রায়ই হয়েছে। কসাই কাদেরের এ ধরনের রায় পেয়ে জাতি আজ আনন্দিত। কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায় বলেন, জাতি কলঙ্কমুক্তর দিকে আরো একধাপ এগিয়ে গেল। এই রায়ে সমস্ত জাতির সঙ্গে আমরাও সন্তুটি প্রকাশ করছি। শিগগির এ রায় কার্যকর করার দাবি জানাই।