সেক্টর কমান্ডারস ফোরামের সন্তোষ প্রকাশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম। সংগঠনের চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, দেশের সর্বোচ্চ আদালত কাদের মোল¬ার মৃত্যুদণ্ডাদেশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করছি। যুদ্ধাপরাধের কোন মামলায় এটাই প্রথম চূড়ান্ত রায়। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানান তারা। এদিকে রায়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে। একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তার বিজয় হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদুল হক মামা বলেন, কিছুটা দেরিতে হলেও এই রায় আমাদের সন্তুষ্ট করেছে।