দুই দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করেছেন শিয়া ইসমাইলি সমপ্রদায়ের বর্তমান ইমাম প্রিন্স করিম আগা খান (৪র্থ)। গতকাল ঢাকা ছাড়ার আগে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সদ্য নির্মিত ইসমাইলি জামাতখানা উদ্বোধন করেন। দুপুর ১২টায় তিনি বিশেষ নিরাপত্তায় বসুন্ধরার জামাতখানায় এসে পৌঁছান। এরপর তিনি জামাতখানা উদ্বোধন করেন এবং ইসমাইলি সম্প্রদায়ের লোকদের সঙ্গে সাক্ষাত্ করেন। সেখান থেকে তিনি সরাসরি বিমানবন্দরে যান। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী ডাক্তার দীপু মনি।
এর আগে গত সোমবার দু’দিনের সফরে ঢাকা আসেন প্রিন্স করিম আগা খান। সেদিনই সরকারের সঙ্গে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) সঙ্গে একটি বর্ধিত সহযোগিতা প্রটোকল স্বাক্ষরিত হয়। প্রটোকল অনুযায়ী একেডিএন তার আওতাধীন ১০টি সংস্থার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, পরিবেশ প্রভৃতি উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
সফরের প্রথমদিনে প্রিন্স করিম আগা খান রাষ্ট্রপতি মো, আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করেন। এদিনই তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আগা খান। সেখান থেকে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
