ভেনেজুয়েলায় একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারাকাইবো শহরের সাবানিতা কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির একটি বেসরকারি সংগঠন। জানা গেছে, কারাগারে কয়েদিদের মধ্যে দুই গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরি নামে ওই সংগঠনটির প্রধান হামবেরতো প্রাদো বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো ১১টি মৃতদেহ কারাগারের ভেতরে রয়েছে।
এদিকে, দেশটির কারা বিষয়ক মন্ত্রী আইরিস ভারিলা ১৬ জনের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। ভারিলা বলেন, ‘ ১৫ জন নিহত হয়েছে। তবে আরো একজন নিহত হয়ে থাকতে পারে। তবে সে অভ্যন্তরীণ কোনো সংঘর্ষে হয়তো নিহত হয়নি বলেই মনে হচ্ছে।’
