সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) তাদের ’১৩-’১৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। কাকরাইলস্থল ইন্সটিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ( আইডিইবি) ভবনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. রফিকুল ইসলাম মীর, এমসিটি’র চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম চেয়ারম্যান, এনআইইটি নারায়নগঞ্জের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইইটি ঢাকার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। ১৪টি বিভাগের ১২শ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে। এই নবীন বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে এনআইইটি গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং বিভাগের শিক্ষার্থীদের ডিজাইনকৃত পোশাকের জমকাল ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠানে শুরুতে এনআইইটি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলে, ‘সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন ডিপ্লোমা প্রকৌশলী তৈরির জন্য সরকারকে রাজস্ব খাত থেকে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করতে হলেও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর পেছনে তার অভিভাবককে ব্যয় করতে হয় মাত্র ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা। ফলে এর মাধ্যমে সহজেই ডিপ্লোমা প্রকৌশলী গড়ে তুলতে পারছেন সাধারণ মানুষরাও। কারিগরি এই শিক্ষা চাকরির উপযোগী প্রার্থীর পাশাপাশি আত্মকর্মসংস্থানের উপযোগী জনবলও তৈরি করছে।’ তিনি বলেন, ‘এনআইইটি মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করে আধুনিক প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে স্বল্প খরচে ইঞ্জিনিয়ারিং শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে।’ তিনি জানান, পূর্বাচল উপশহরে দেড় একর জমির উপর নিজস্ব ক্যাম্পাস নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
